Home খেলাধুলা অর্ধেক কমলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

অর্ধেক কমলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

9

স্পোর্টস ডেস্ক ।।

পাঁচ বছর পর মাঠে গড়ানোর অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। করোনা মহামারিতে এক বছর পিছিয়ে রোববার ২২ গজে বাজবে বিশ্বকাপের দামামা। দীর্ঘ বিরতির পর ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণের বিশ্ব আসর মাঠে গড়ালেও কমেছে প্রাইজমানি। নেমে এসেছে অর্ধেকে।

শিরোপা জিতলে বিশ্বকাপজয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ কোটি ৬৮ লাখ টাকার কিছু বেশি। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার বা প্রায় ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা। অথচ ২০১৬ সালে হওয়া সবশেষ আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৪০ লাখ।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাচ্ছে গত আসরের রানার্স আপ দলের পাওয়া অর্থের কিছু বেশি। ২০১৬’র আসরে রানার্স আপ হওয়া ইংল্যান্ড পায় ১.৫ মিলিয়ন ডলার। যার মূল্যমান বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৬ লাখ। প্রাইজমানি কমে যাওয়ার কারণ জানায়নি আইসিসি। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, দুটি কারণে কমেছে বিশ্বকাপের প্রাইজমানি। যার অন্যতম করোনা মহামারি। আর দ্বিতীয়টি হলো, ভারতে বিশ্বকাপ আয়োজন না হওয়া। আয়োজক ভারত হলেও বিশ্বকাপের ম্যাচগুলো হবে আরব আমিরাত এবং ওমানে।

এবারের বিশ্বকাপের জন্য ব্যয় হবে ৫.৬ মিলিয়ন ডলার, যা ১৬টি দলের মাঝে পর্ব অনুযায়ী বণ্টিত হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৪০ টাকা!

এছাড়া সুপার টুয়েলভ পর্বে বিজয়ী দলের প্রতিটির জন্য থাকছে উইনিং বোনাস, যা ২০১৬ সালের আসরেও রাখা হয়েছিল। এই পর্বের ৩০টি ম্যাচের জন্য বোনাস হিসেবে ধরা হয়েছে ৪০ হাজার ডলার। অর্থাৎ একটি ম্যাচ জিতলেই সাকিব-মাহমুদুল্লাহরা পাবে ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা! একই পরিমাণ অর্থ মিলবে প্রথম পর্বে রাউন্ডের ম্যাচের ক্ষেত্রেও। এই পর্ব থেকে ছিটকে যাওয়া ৪টি দলও পাবে ৪০ হাজার ডলার করে।

সুপার টুয়েলভ পর্ব থেকে কোনও দল নকআউট হয়ে গেলেও হতাশ হতে হবে না। প্রতিটি দল পাবে ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা।

প্রথম পর্বে অংশ নিতে যাওয়া আট দল বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এখান থেকে চার দল যুক্ত হবে আগে থেকেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।