কাজী মোতাহার রহমান:
তখন ব্রিটিশ শাসন আমল। দেশব্যাপী ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন চলছে। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগ জনমত গঠনে সফল হয়। ভারত-পাকিস্তানের স্বাধীনতা দরজায় কড়া নাড়ছে। ১৯৪২ সালের কথা। প্রশাসনের সর্বস্তরে ইংরেজের প্রতিনিধি। বাঙালির স্বার্থ সর্বস্তরে ক্ষুন্ন হচ্ছে। দক্ষিণ জনপদে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়েছেন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়ার সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৪২ সালে এন্ট্রাস (এসএসসি) পাশ করেন। উচ্চশিক্ষা লাভের জন্য এ অঞ্চলে তখন কোন কলেজ ছিল না। বঙ্গবন্ধুর ইচ্ছা তিনি কলকাতার ইসলামিয়া কলেজে লেখাপড়া করবেন। সে উদ্দেশ্যে স্যুটকেসে জামা-কাপড় নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হন, নৌ পথে। টুঙ্গিপাড়া থেকে খুলনার সড়ক পথে দুরত্ব ৬৫ কিলোমিটার। তখন সড়ক যোগাযোগ ছিল না। নৌ পথে খুলনায় আসতে ২০ঘন্টারও বেশি সময় লাগতো। টুঙ্গিপাড়া সংলগ্ন পাটগাতি লঞ্চঘাট থেকে বিকেলে নৌকা ছাড়লে সকালে এসে পৌঁছাতো খুলনায়। তখন যন্ত্রচালিত নৌকা বা ট্রলারের আবির্ভাব হয়নি। পাকিস্তানের স্বাধীনতার পর হাইস্প্রিড ও দোতলা লঞ্চ চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু নৌকা এসে খুলনার স্টীমার ঘাটে নামেন। স্টীমার ঘাটের পুর্ব পাশে অনেকগুলো আড়তের মালিক পাটগাতি ও ঘোনার অধিবাসীরা। এখনকার পাইকারী ব্যবসায়ীরা বঙ্গবন্ধুকে চিনতেন। শেখ পরিবারের বড় সন্তান হওয়ায় অনেকেই ভাইজান আবার কেউ মিয়াভাই বলে ডাকতেন। বয়স জেষ্ঠ্যরা শেখ সাহেব বলতেন। গোপালগঞ্জ মিশনারি হাইস্কুলে পড়ার সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চারিদিকে খ্যাতি অর্জন করেন। দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে তার পরিচিতি ছিল এ অঞ্চলের সর্বত্র। তাছাড়া অসহায় মানুষকে ধান-চাল ও শীতের কাপড় দিয়ে কিশোর বয়সেই তিনি পরিচিতি পান।
স্টীমার ঘাটে নামার পর আড়তদারদের মধ্যে দু/একজন তাকে চিনতে পারেন। সকাল শেষে বেলা উঠলে পাটগাতি ও ঘোনার অধিবাসী বড়বজারের কর্মরত কুলি ও রিকশাওয়ালারা তাকে ঘিরে ধরে। সেদিনও তার আদর আপ্যায়নের ঘাটতি হয়নি। তিনি দিনভর আড়তেই অবস্থান করেন। ব্যবসায়ীদের কাছ থেকে খুলনা সম্পর্কে ধারণা নেন। খুলনায় তখনও ইংরেজদের আধিপত্য।
কংগ্রেস ও মুসলিম লীগের আন্দোলনের ঢেউ সর্বত্র। খুলনার আন্দোলনের অভিজ্ঞতা তিনি অর্জন করলেন। আড়তদারদের সহযোগিতায় সন্ধ্যার ট্রেনে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। বঙ্গবন্ধুর আত্মজীবনী অনুযায়ী এটাই প্রথম খুলনা সফর।











































