Home জাতীয় জাপানের উপহারের ভ্যাকসিন ঢাকায়

জাপানের উপহারের ভ্যাকসিন ঢাকায়

6

ঢাকা অফিস ।।

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে।

আজ শনিবার বিকেল ৩টা ২৫ মি‌নি‌টে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি বলেন, চতুর্থ চালানে জাপান সরকারের উপহারের সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। ৩টা ২৫মি‌নি‌টে ভ্যাকসিন বহনকারী ফ্লাইট‌টি ঢাকায় এসে পৌঁছায়। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট।

গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ভ্যাকসিন।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ।