Home খেলাধুলা বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ, সূচি ঘোষণা

বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ, সূচি ঘোষণা

2

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ১৬ দলের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও বাংলাদেশের গ্রুপ পর্বের সব খেলা হবে সিলেটে। আর সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এই আসরে দুই দেশের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪১টি ম্যাচ। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুতে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানী আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে হবে খেলা।

চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে ১৬টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে, তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২১ জানুয়ারি, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর শুরু হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। সেমিফাইনালের জন্য পরদিন ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি, চট্টগ্রামে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ৭ ফেব্রুয়ারি।

নারী ক্রিকেটের বিকাশে এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দেয়। বাংলাদেশ ও নেপালে এই আয়োজন নারী ক্রিকেটের পরিসর আরও বিস্তৃত করতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।