স্টাফ রিপোর্টার।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনার দাকোপ আগমনকে ঘিরে উপকূলীয় জনপদে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে সুসংগঠিত, সফল ও নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনতে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলীয়ান এলাকায় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
বুধবার (২১ অক্টোবর) তিনি নলীয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও নবনির্মিত হেলিপ্যাড এলাকা সরজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি যাতায়াত ব্যবস্থা, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী আমাদের অবহেলিত ও নদী ভাঙনকবলিত উপকূলীয় অঞ্চলে আসছেন। এটি দাকোপবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফরকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা চরম উৎসুক ও প্রস্তুত হয়ে আছেন। আমরা আশা করছি, এই সফরের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নতুন আশার সঞ্চার হবে।
পরিদর্শনকালে তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার আকাশপথে সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ শেষে দাকোপের নলীয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামবেন এবং পরবর্তীতে নৌপথে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সমগ্র দাকোপ উপজেলায় এখন বিরাজ করছে নিটোল নিরাপত্তা ও ব্যাপক আনন্দ-উদ্দীপনা।











































