স্পোর্টস ডেস্ক।।
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টর ব্রোঞ্জ মেডেল ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানে সমান লড়াই করে মালদ্বীপ। কিন্তু তারপরও ম্যাচ শেষে জয়ীদের কাতারে থাকতে পারল না তারা।
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জিতল নেপাল। বুধবার (২১ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ২৭-১৫ গোলে জয় তুলে নিয়েছে নেপাল। ৬ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উমা রায়।
প্রতিযোগিতার লিগ পর্বেও মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। সেবার তাদের জয়ের ব্যবধান ছিল ২৪-১৮ গোল।
তবে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত চার জাতি টুর্নামেন্টে তিনে থেকে নেশনস ট্রফি শেষ করল নেপাল।











































