খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছে খুলনা মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটি। সোমবার (১৯ অক্টোবর) কমিটির নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পর্যবেক্ষক কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যেরও অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিববাড়ি শ্রী শ্রী কালী মন্দিরের আহ্বায়ক শ্রী মানিক সাহা, সদস্য সচিব শ্রী গোপাল সাহা, ফরাজিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের শ্রী মিঠু দাস ও শ্রী বাসুদেব কুমার চন্দ্র, লবণচরা সার্বজনীন মন্দিরের শ্রী কৃষ্ণপদ মণ্ডল ও শ্রী অঙ্করণ্ড সরকার, সাহেবের কবরখানা পূজা মন্দিরের শ্রী বিশু ঘোষ ও শ্রী রবিন ঘোষ, সাইফুল বকসী, আবুল ওয়ারা, শাহিন মল্লিক রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।











































