Home আঞ্চলিক লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

3


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে ও ঝোপের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক ও সচেতন করতে বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিআরটি) সদস্যরা মাইকিং করেছেন।

ভিলেজ রেসপন্স টাইগার টিমের দলনেতা মো. জাকারিয়া হোসাইন জানান, আজ সকালে সোনাতলা গ্রামের বাসিন্দা ভিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বিষয়টি তিনি সুন্দরবন বন বিভাগ ও ভিআরটি সদস্যদের জানান।

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বনরক্ষী ও ভিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের চলাচলের চিহ্ন দেখতে পান বনরক্ষীরা। পায়ের ছাপগুলো সুন্দরবনের দিকে চলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

শরিফুল ইসলাম বলেন, ‘পায়ের ছাপ দেখে মনে হচ্ছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তবু এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বনরক্ষী ও ভিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশ দেওয়া হয়েছে।’