ঢাকা অফিস।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।
শনিবার (১৭ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠি অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ তারিখে বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভোটার তালিকার তথ্যভাণ্ডারে নিবন্ধিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এ তালিকা প্রস্তুত করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর কাজ শেষ হবে। ৫ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা অন্য কোনো বিষয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় ২০ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। সিদ্ধান্তগুলো তালিকায় অন্তর্ভুক্তির শেষ তারিখ ২৪ নভেম্বর।
ইসি জানিয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তালিকার ভুলত্রুটি সংশোধনে আবেদন করার বিষয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা দিতে হবে। স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমেও এ বিষয়ে প্রচার চালাতে হবে।
খসড়া তালিকায় নারী ও পুরুষ ভোটারের নামের অদলবদল, ধর্মসংক্রান্ত ভুলসহ অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।











































