বিনোদন ডেস্ক।।
রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। এ নিয়ে অনেক তারকা অভিনয়শিল্পী কথা বলেছেন। এবার নীরবতা ভাঙলেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর।
কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেইলর। এ আলাপচারিতায় তিনি অভিযোগ করেন—পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
ঘটনা বর্ণনা করে ৩১ বছর বয়েসি নীতি টেইলর বলেন, “আমার প্রথম সিনেমার পরিচালক আরেকটি সিনেমার কাজের জন্য ফোন করেছিলেন। সিনেমার বিষয়ে আলোচনা শেষে তিনি বলেন, ‘এবারের সিনেমায় কাজ করতে হলে, তোমাকে আমার সঙ্গে শুতে হবে।’ বুঝতেই পারছেন, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা বুঝে উঠতে পারবেন না। আমি শুধু ফোন কেটে দিয়েছিলাম, তার ফোন নম্বর ব্লক করে দিয়েছিলাম। তারপর মাকে ফোন করে বলেছিলাম—ওই বুড়ো লোকটার কথা একবার ভাবো!”
পরিচালকের কুপ্রস্তাবে নীতি এতটাই হতবাক হন যে, তাকে সরাসরি কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। এর আগেও ওই পরিচালককে অন্য অভিনেত্রীদের সঙ্গে দেখেছিলেন তিনি। কিন্তু কখনো ভাবেননি, তাকেও এমন প্রস্তাব দেবেন। এই অভিজ্ঞতা চলচ্চিত্রে কাজ করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গিই বদলে দেয় বলেও জানান নীতি।
এ বিষয়ে নীতি টেইলর বলেন, “আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও এ ধরনের আচরণ করতে দেখেছি। কিন্তু কখনো ভাবিনি, আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন। সেই ঘটনার পরই সিদ্ধান্ত নিই, আর কখনো কোনো সিনেমায় অভিনয় করব না। আমি এতটাই হতবাক হয়েছিলাম যে, শুধু তার ফোন নম্বর ব্লক করেছিলাম। বিষয়টি কাউকে বলিনি। কারণ আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।”
চলচ্চিত্রে নীতি টেইলর
২০১২ সালে তেলেগু ভাষার ‘মেম বায়াসুকু ভাচাম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নীতি টেইলরের। এটি পরিচালনা করেন ত্রিনাধা রাও নাক্কিনা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন তানিশ। মুক্তির পর সিনেমাটি বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছিল। সাক্ষাৎকারে পরিচালকের নাম উল্লেখ করেননি নীতি। তবে কোনো সংশয় নেই যে, কুপ্রস্তাব দেওয়া পরিচালকের নাম—ত্রিনাধা রাও নাক্কিনা।
২০১৩ সালে নীতি অভিনয় করেন ‘পেল্লি পুস্তকাম’ সিনেমায়। রামকৃষ্ণ মাচাকান্তি পরিচালিত এই সিনেমায় নায়কের ভূমিকায় ছিলেন রাহুল রবীন্দ্রন। তবে প্রথম সিনেমার মতো সাফল্য পায়নি এটি। বক্স অফিসে ব্যর্থ হওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পায় সিনেমাটি।
নীতি অভিনীত তৃতীয় ও শেষ তেলেগু সিনেমা ‘লাভ ডট কম’ মুক্তি পায় ২০১৪ সালে। রাজা ভান্নেম রেড্ডি পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লেখার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন সিএইচভি বৃন্দা রেড্ডি। এতে নীতির বিপরীতে অভিনয় করেন আর্য সন্দীপ। মুক্তির পর এ সিনেমাও বাণিজ্যিকভাবে খুব একটা সাফল্য পায়নি। এই তিনটি তেলেগু সিনেমার পর আর চলচ্চিত্রে অভিনয় করেননি নীতি।
নীতির টেলিভিশন ক্যারিয়ার
মাত্র ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় নীতি টেইলরের। ২০১৪ সালে প্রচারিত ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। এরপর ‘বড়ে আচ্ছা লাগতে হ্যায় টু’-সহ একাধিক টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে নীতিকে। সাম্প্রতিক সময়ে রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এ অংশ নিয়ে সেমিফাইনালিস্ট হয়েছিলেন নীতি। ওই প্রতিযোগিতায় বিজয়ী হন মিনি মাথুর।











































