Home আলোচিত সংবাদ মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের অনুপ্রেরণা: নেহা

মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের অনুপ্রেরণা: নেহা

1

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তার দাবি, ভারতে নতুন প্রজন্মের মধ্যে গড়ে ওঠা জেন-জি আন্দোলনের পেছনে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়।

বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেহা বলেন, ভারতে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বাংলাদেশ ও ভারতের তরুণদের আন্দোলনের মধ্যে আদর্শিক মিল রয়েছে উল্লেখ করে এই ছাত্রনেত্রী বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণেরা যেভাবে লড়াই করছেন, ভারতের তরুণদের সংগ্রামও অনেকটা একই ধরনের। তাঁর মতে, দুই দেশের শিক্ষার্থীদের সামনে মতপ্রকাশের স্বাধীনতা, মুক্তচিন্তা ও শিক্ষার পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তার পরিসর সংকুচিত করার চেষ্টা চলছে বলেও উদ্বেগ প্রকাশ করেন নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের প্রবণতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির কিছু মিল রয়েছে। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক সংহতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নেহা বোরা আরও বলেন, এই অঞ্চলের তরুণদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

ভারতে মোদি সরকারের বিরোধিতাকারী তরুণদের আন্দোলনে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন নেহা বোরা। পুলিশের মুখোমুখি অবস্থানে তাঁর সাহসিকতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক পরিচিতি পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই আন্দোলনে নেহা বোরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।