স্পোর্টস ডেস্ক।।
গেতাফেকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা বজায় রেখেছে বার্সেলোনা। এই দুর্দান্ত জয়ে ক্লাবের ইতিহাসে সেরা শুরুর ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল হান্সি ফ্লিকের শিষ্যরা।
চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-র তথ্য মতে, বার্সেলোনার এই টানা আট ম্যাচ জয়ের রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে তৎকালীন আর্জেন্টাইন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনোর অধীনে পাওয়া সাফল্যের কথা মনে করিয়ে দেয়। সেবার নবম রাউন্ডে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছিল মার্তিনোর দল। যদিও ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকার পর সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ ব্যবধানে হেরে থেমেছিল তাদের সেই অপরাজেয় যাত্রা।
এবার টাটা মার্তিনোর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ হান্সি ফ্লিক ও তার শীর্ষ তারকাদের সামনে। তবে টানা নবম ম্যাচ জয়ের পথটি যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। কারণ আগামী শনিবার লা কার্তুজায় পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা শক্ত প্রতিদ্বন্দ্বী রিয়াল বেতিসের মুখোমুখি হবে কাতালানরা।
রেকর্ডের এই মাইলফলকে পৌঁছানো নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক অবশ্য পা মাটিতেই রাখছেন।
তিনি বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনের ম্যাচটি নিয়ে ভাবা, যা চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেইর বিপক্ষে হতে যাচ্ছে। আমরা অবশ্যই ইতিহাস রচনা করতে চাই; তবে তার চেয়েও বড় কথা হলো, আমাদের খেলোয়াড়রা পুরো মনোযোগ বজায় রেখে মাঠে তাদের সেরাটা দিয়ে যাচ্ছে।’











































