স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর টাইগার গার্ডেন হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ৫০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হোটেল সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কক্ষের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা দুজন দ্রুত কক্ষ থেকে বের হয়ে আসেন। আগুন লাগার সময় তারা বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে সকাল ৯টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে কক্ষটির ভেতরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।










































