Home আঞ্চলিক খানজাহান আলী ও খালিশপুর থেকে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য...

খানজাহান আলী ও খালিশপুর থেকে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

6

স্টাফ রিপোর্টার।।

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ হুন্ডি লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাতে খুলনার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক গোপন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রাকিবুল ইসলাম (৩০), আরিফুল ইসলাম আরজু (২৬), শেখ সাকির আহম্মেদ এবং মিয়ানুল ইসলাম অয়ন (২৯)।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভন ও জালিয়াতি:

সিআইডি সূত্রে জানা যায়, সাইবার মনিটরিং সেলের নিয়মিত নজরদারির মাধ্যমে দেশি-বিদেশি এই চক্রটির সন্ধান মেলে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে তরুণদের অনলাইন জুয়ায় প্রলুব্ধ করত। ব্যবহারকারীরা বেটিং ওয়েবসাইটে অংশ নেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতেন, যার বিপরীতে অ্যাকাউন্টে ই-মানি যুক্ত হতো।

হুন্ডি ও বাইন্যান্সের মাধ্যমে বিদেশে টাকা পাচার:

তদন্তে জানা গেছে, আইনি নজরদারি এড়াতে চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত এমএফএস ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত পরিবর্তন করত। সংগৃহীত অর্থ থেকে কমিশন রেখে বাকি টাকা বাইন্যান্সের (Binance) মতো অ্যাপ ব্যবহার করে ইউএসডিটি (USDT) ও ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।

পল্টন থানায় মামলা ও আইনি ব্যবস্থা:

এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে ঢাকার পল্টন থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা (নং-৩৫) দায়েরের পর খুলনায় এই সফল অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা স্বীকার করায় তাঁদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির মূলহোতাসহ অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।