Home আঞ্চলিক খুলনা কারাগারের দেয়াল টপকে কয়েদির পলায়ন: চার ঘণ্টার মাথায় গ্রেফতার

খুলনা কারাগারের দেয়াল টপকে কয়েদির পলায়ন: চার ঘণ্টার মাথায় গ্রেফতার

61


স্টাফ রিপোর্টার।।


খুলনা জেলা কারাগার-২ (পুরাতন কারাগার)-এর সীমানা প্রাচীর টপকে অভিনব কায়দায় পালিয়ে যাওয়া মো. ইমন মাঝি নামের এক আসামিকে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে তাকে অবরুদ্ধ ও আটক করা হয়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে নাটকীয়ভাবে পালিয়ে যান তিনি।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলায়নকৃত আসামি মো. ইমন মাঝি লবণচরা থানাধীন সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে। সেসোনাডাঙ্গা মডেল থানার একটি মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দী ছিল।


কারা কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আসামি ইমন মাঝি কারাভ্যন্তরে থাকা মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ওপর উঠে পড়ে। সেখান থেকে সে কৌশলে কারাগারের পূর্ব পাশের উঁচু দেয়াল ডিঙিয়ে বাইরের রাস্তায় লাফিয়ে পড়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয়। একজন বন্দীর এভাবে প্রকাশ্য দিবালোকে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় কারা প্রশাসনের ভেতরে তোলপাড় ও চরম হুলস্থুল পড়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেল সুপার আবু ছায়েম জানান, আসামি পালিয়ে যাওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম তাকে গ্রেফতারে চারদিকে চিরুনি অভিযান শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে পলায়নকৃত ইমন মাঝির নিজস্ব এলাকা লবণচরার সাচিবুনিয়া থেকে তাকে পুনরায় খাঁচায় পুরতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


কারাগারের মতো সুরক্ষিত স্থান থেকে দেয়াল টপকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনায় কারা নিরাপত্তা ও নজরদারি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।