খুলনাঞ্চল রিপোর্ট
উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে গভীর রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। বহিষ্কারের সময় আতাউল্লাহ শাহ পুলিশের রিমান্ডে ছিলেন।
বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ, দলের সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
গত ৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কঙ্বাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সেখানে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। অভিযানে কয়েকজন পালিয়ে গেলেও আতাউল্লাহ শাহসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।









































