Home আঞ্চলিক ১২ দিন কারাভোগের পর কর্মস্থলে সোহেল বিল্লাহ: ‘কিছুই জানে না’ খুলনা ওয়াসা...

১২ দিন কারাভোগের পর কর্মস্থলে সোহেল বিল্লাহ: ‘কিছুই জানে না’ খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, তোলপাড়

37


স্টাফ রিপোর্টার।।


স্ত্রীর দায়ের করা মামলায় দীর্ঘ ১২ দিন খুলনা জেলা কারাগারে হাজতবাস করার পরও বহাল তবিয়তে কর্মস্থলে যোগ দিয়েছেন খুলনা ওয়াসার সহকারী প্রোগ্রামার মো. সোহেল বিল্লাহ। মঙ্গলবার (৩০ জুন) তিনি পুনরায় অফিস করলেও তাঁর বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় বা অফিশিয়াল ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এমনকি প্রশাসন এই বিষয়ে ‘কিছুই জানে না’ বলে দাবি করায় ওয়াসা কার্যালয়সহ স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সহকারী প্রোগ্রামার মো. সোহেল বিল্লাহর বিরুদ্ধে তাঁর স্ত্রী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলশ্রুতিতে তিনি প্রায় ১২ দিন খুলনা জেলা কারাগারে বন্দী ছিলেন।


সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করলে অথবা ২৪ ঘণ্টার বেশি সময় কারাগারে থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত করার স্পষ্ট নিয়ম রয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু মো. সোহেল বিল্লাহর ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ উল্টো। দীর্ঘ ১২ দিন জেল খাটার পর আজ তিনি আবারও অফিসে যোগ দিলেও খুলনা ওয়াসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ধরনের দৃশ্যমান অফিশিয়াল বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। অপরাধের পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন রহস্যজনক নমনীয়তা এবং “কিছুই না জানার” অজুহাতকে নিয়মের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


খুলনা ওয়াসার মতো একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত একজন আইটি কর্মকর্তার এমন গুরুতর অপরাধ ও হাজতবাসের খবর ধামাচাপা দেওয়া এবং প্রশাসনের এই নিষ্ক্রিয়তার পেছনে অন্য কোনো অদৃশ্য প্রভাব বা সমঝোতা রয়েছে কিনা, তা নিয়ে কার্যালয়জুড়ে তীব্র গুঞ্জন ও তোলপাড় চলছে।

আইনি জটিলতা ও কারাবাসের মতো গুরুতর বিষয়ে প্রশাসনের এমন উদাসীনতা খতিয়ে দেখতে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।