নড়াইল প্রতিনিধি ||
ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকাল সাড়ে নয়টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকা এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫২) ও অ্যাম্বুলেন্স চালক লক্ষ্মীপুর জেলার সৈয়দ নগর এলাকার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিম মোল্যার ছেলে আকবর আলী (২৮)।
অ্যাম্বুলেন্সে থাকা জাহিদ হাসান জানান, ঢাকা থেকে ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে স্ত্রী জাহানার বেগমসহ আমরা অন্যান্য সদস্যরা বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানা বেগম ও অ্যাম্বুলেন্স চালক নিহত হন। এসময় অ্যাম্বুলেন্স ও বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়না তদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































