Home আঞ্চলিক মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণায় যুবকের সংবাদ সম্মেলন

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণায় যুবকের সংবাদ সম্মেলন

1

যশোর অফিস।।

যশোরের অভয়নগরে দীর্ঘদিনের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শনিবার (২ মে) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড় বোন রওশনারা পারভীন।

তিনি জানান, ’তার ভাই দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ’বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর প্ররোচনায় রুহুল আমিন মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। এরপর তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।’

রওশনারা পারভীন বলেন, ’এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রুহুল আমিন প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি আর কখনো মাদক বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। ’ ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ‘সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পর কিছু মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছেন।’

বিষয়টি যাচাই-বাছাই করে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, ’অভিভাবকহীন জীবনে প্রলোভন ও বিপথগামী মানুষের প্রভাবে তিনি অপরাধ জগতে জড়িয়ে পড়েছিলেন। তিনি লেখাপড়া জানেন না বলেও উল্লেখ করেন।’

বর্তমানে তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তিনি আরো বলেন, এখন থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।