Home আঞ্চলিক পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

2

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসায় তালাবদ্ধ অবস্থায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাসার ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদকে পাওয়া যায়নি।

শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। সাজিদুর রহমান মজিদ উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ’গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা নাসিরের ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের রুমে অভিযান পরিচালনা করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঠবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে শুক্রবার (১ মে) বিকেলে ৩০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আসামি এখনও পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, ’মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।’