Home আঞ্চলিক হত্যা মামলা: পিরোজপুরে ছেলেসহ মায়ের কারাদণ্ড

হত্যা মামলা: পিরোজপুরে ছেলেসহ মায়ের কারাদণ্ড

3

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরের নেছারাবাদে হত্যার পর মোটরসাইকেলচালকের লাশ গুমের ঘটনায় ছেলের যাবজ্জীবন ও মায়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পিরোজপুর দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. তাজিম (২৮) ও স্ত্রী মোসা. রেহানা বেগম (৫০)

তাদের মধ্যে মোটরসাইকেলচালককে হত্যার দায়ে ছেলে তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং লাশ গুমের দায়ে তাজিমের মা রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রেহানা উপস্থিত থাকলেও, তার ছেলে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলনকে সহ তার মোটরসাইকেল ভাড়া নেন তাজিম ও আরেক যুবক। এরপর রাতেও বাড়ি না ফেরায় মিলকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার।

এ সময় তার মোবাইলফোনটিও বন্ধ থাকে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন নিহত মিলনের বাবা শাহাদত বাহাদুর।
এরপর ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের মধ্য থেকে নিহত মিলনের লাশ উদ্ধার করা হয়। মিলনকে হত্যার পর তাজিম তার মায়ের সহযোগিতায় লাশটি গুম করেছিলেন।

এ ঘটনার পর পাঁচজনকে আসামি করে নিহত মিলনের বাবা শাহাদাত বাহাদুর ওই দিন নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার সময় বিচারক অন্য দুই অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আকন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দেন।