স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছার জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন বৈরাগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ’আজ (সোমবার) সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।’
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন।
পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’











































