Home আঞ্চলিক খুলনায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

খুলনায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

228

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় জমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক নারী। অভিযোগকারী শাম্মী চৌধুরি মলি (৪৯) জানান, দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন জমি দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘নগরীর মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। তার পরিবারের মালিকানাধীন প্রায় ২৬ শতাংশ ৪০ পয়েন্ট জমি বিল পাবলা মৌজায় অবস্থিত। অভিযুক্ত শফিকুল ইসলামসহ কয়েকজন গত ৭-৮ বছর ধরে ওই জমি দখলে রেখে নানা ধরনের হুমকি দিয়ে আসছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জমিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং নিয়মিত অনুসরণ করা হয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি জমি সংক্রান্ত কাজে ডুমুরিয়া সাব-রেজিস্টার অফিস গেলে সেখানেও অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে এবং তাকে অপমানজনক কথা বলে।’

ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। তবে যাওয়ার আগে থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে দাবি করেন ভুক্তভোগী।

এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।