ধর্ম ডেস্ক।।
ঈদুল ফিতরের আবহ পুরোপুরি না কাটতেই পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নতুন করে প্রস্তুতির সুর বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা মুসলিম বিশ্বে কোরবানি ও হজের পরিকল্পনায় আগ্রহ বাড়িয়েছে।
আমিরাতের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন পালিত হতে পারে। সেই হিসাবে ২৭, ২৮ ও ২৯ মে পর্যন্ত ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামী বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপরই নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা পর্যন্ত।
আমিরাতের এই পূর্বাভাসের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই একই সময়ে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রসঙ্গত, ইসলামে সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা ওয়াজিব।
আত্মত্যাগের এই মহান শিক্ষা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই প্রতিবছর ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।










































