Home আঞ্চলিক দাকোপে এজেন্ট ব্যাংকিংয়ে সাড়ে ৪ কোটি টাকা লাপাত্তা

দাকোপে এজেন্ট ব্যাংকিংয়ে সাড়ে ৪ কোটি টাকা লাপাত্তা

22

স্টাফ রিপোর্টার।।


খুলনার দাকোপ উপজেলার কালীনগর বাজারে অগ্রণী ব্যাংকের একটি এজেন্ট শাখা থেকে সাড়ে ৪ কোটি টাকা লাপাত্তার ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালীনগর বাজারে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে হতদরিদ্র ও তৃণমূল নারী গ্রাহকরা অশ্রুসজল চোখে তাদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

স্থানীয় ইউপি সদস্য নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, বিএনপি নেতা হাইদুল সানা, শাহাবুদ্দিন গাজীসহ ক্ষতিগ্রস্ত গ্রাহক স্বপ্না সরদার, হায়দার গাজী, রেবতী ঘরামী, অভিজিৎ মণ্ডল, জামেলা খাতুন, সবিতা সরকার, পদ্মদাস সোনালী, শিখ বৈষ্ণব, রত্না মণ্ডল, ছন্দা মণ্ডল, দীপংকর মণ্ডল, অমর মণ্ডল ও জয় গোলাপ বৈষ্ণব।

বক্তারা অভিযোগ করেন, অগ্রণী ব্যাংকের বাজুয়া শাখার অধীন কালীনগর বাজার এজেন্ট শাখা থেকে গ্রাহকদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় তারা অগ্রণী ব্যাংক বাজুয়া শাখার ব্যবস্থাপক সুকান্ত মণ্ডল, কালীনগর বাজার এজেন্ট শাখার ম্যানেজার শেখর হালদার এবং ক্যাশিয়ার উৎপলেন্দু বিশ্বাসকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ঘটনার জেরে একটি মর্মান্তিক ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। কামারখোলা শিবনগর গ্রামের গ্রাহক অভিজিৎ মণ্ডল তার শ্বশুরের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা ওই এজেন্ট শাখায় জমা রেখেছিলেন। টাকা হারানোর লজ্জা ও অপমানে তার শ্বশুর দীপংকর মণ্ডল গত ৮ মার্চ কৈলাশগঞ্জে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানানো হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত টাকা উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।