ঢাকা অফিস।।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার দেশের পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যাহার করা জেলা প্রশাসকরা হলেন- গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসক ও ইউএনও পদে পরিবর্তন আসার আভাস দিয়েছিল বিএনপি সরকার দায়িত্ব
গ্রহণের পর থেকেই। পর্যায়ক্রমে প্রশাসনে আরও পরিবর্তন আসবে। গতকাল পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং প্রশাসনেও ব্যাপক পরিবর্তন করা হয়। এরপর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এখন প্রশাসন গোছাতে ব্যস্ত সময় পার করছে। গত সপ্তাহে ৯ জন সচিবের চুক্তি বাতিল করে নবনির্বাচিত বিএনপি সরকার। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে দপ্তরবিহীন করা হয়।
তা ছাড়া নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের দুজন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। একজন হলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এরপর চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত সচিব এবিএম আবদুস সাত্তারকে। তিনি এর আগে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।











































