Home Lead বেড়াতে এসে নিখোঁজ, মুক্তিপণে চারদিন পর উদ্ধার

বেড়াতে এসে নিখোঁজ, মুক্তিপণে চারদিন পর উদ্ধার

10

কয়রা (খুলনা) প্রতিনিধি


খুলনার পাইকগাছায় নিখোঁজের চার দিন পর মুক্তিপণ দিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে একটি চিংড়ি ঘের থেকে নিখোঁজ হন তারা। রোববার ভোরে ওই চিংড়ি ঘেরের এক কিলোমিটার দূরে নদীর পাড়ে খোঁজ মেলে তাদের।

ভুক্তভোগীরা হলেন– ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের শেখ ইমরান হোসেন রিপন (৫৫) ও যশোরের মনিরামপুর উপজেলা সদরের বাসিন্দা নাদির হোসেন লিটন (৩০)। তারা পাইকগাছা উপজেলার গড়াইখালি গ্রামের মহব্বত হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

মহব্বত হোসেন জানান, গত ২৫ ফেব্রুয়ারি তাঁর শ্বশুর ইমরান হোসেন ও বন্ধু নাদির হোসেন বেড়াতে আসেন। ওই দিন বিকালে তাদেরকে নিয়ে শিবসা নদীর তীরবর্তী চিংড়ি ঘের দেখতে যান। সন্ধ্যায় তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে চলে আসলেও তাঁর শ্বশুর ও বন্ধু চিংড়ি ঘেরে থেকে যান। পরদিন সকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ পাওয়া যায়। পরে একটি অপরিচিত নম্বার থেকে ফোন করে তাঁকে জানানে হয় তাদেরকে অপহরণ করা হয়েছে। ছাড়িয়ে নিতে প্রথমে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ২ লাখ টাকা দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অপহরণের শিকার নাদির হোসেন লিটন বলেন, ঘটনার রাতে ১০-১২ জনের একটি দল ঘেরের বাসায় হামলা চালায়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে একটি ট্রলারে করে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়। তারা সুন্দরবনে দস্যুতা করে বেড়ায় বলে মনে হয়েছে। চার দিন পর রোববার ভোরে তাদেরকে শিবসা নদীর তীরে ছেড়ে দেওয়া হয়।

অপর ভুক্তভোগী ইমরান হোসেন বলেন, আটকের পর তাদেরকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তাদেরকে সুন্দরবনের বিভিন্ন খালে ঘুরানো হয়। আটকের কয়েকটা দিন তাদেরকে ভয়ে ও আতঙ্কে পার করতে হয়েছে ।

গড়াইখালি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, লোক মুখে তিনি ঘের থেকে দুই ব্যাক্তিকে অপহরণের বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কেউ তাঁর কাছে অভিযোগ দেয়নি। ঘটনাটি তাঁর কাছে রহস্যজনক মনে হয়েছে।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, দুই ব্যক্তির নিখোঁজের খবর পাওয়ার পর তাদের উদ্ধারের জন্য বিভিন্নভাবে তৎপরতা চালানো হয়। তাদের মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে ভিন্ন ভিন্ন অবস্থান পাওয়া যায়। রোববার সকালে জানতে পারেন নিখোঁজ ব্যক্তিরা ফিরে এসেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।