অনলাইন ডেস্ক।।
চরম অপুষ্টিতে ভুগছে আফগান শিশুরা। সোমবার বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে, দেশটির সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সাহায্য করার জন্য ৫৩৯ মিলিয়ন ডলার প্রয়োজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, আফগানিস্তানের প্রায় ১০ লাখ মানুষ খাদ্য সংকটে আছেন। যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। ডব্লিউএফপি জানিয়েছে, গত দুই বছরে দাতাদের সহায়তা কমে যাওয়ায় জরুরি খাদ্য সহায়তা কমে গেছে। এ কারণে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে ডনাল্ড ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে খাদ্য সহায়তা বন্ধ করে দেয়।
ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা ছিলো যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র ডব্লিউএফপিকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করে। এদিকে প্রতিবেশী দেশগুলো থেকে অনথিভুক্ত আফগান নাগরিকরা ফেরত যাওয়ায় দেশটিতে খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে। ডব্লিউএফপি জানিয়েছে, গত দুই মাসে ফেরত আসা ৬০ হাজার আফগানকে তারা সহায়তা প্রদান করেছে। তবে ফেরত আসা সকল আফগানদের সহযোগিতা করার মতো যথেষ্ট তহবিল ডব্লিউএফপির নেই বলে জানিয়েছে সংস্থাটির কমিউনিকেশন অফিসার জিয়াউদ্দিন সাফি। তিনি বলেছেন, ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তা করার জন্য সংস্থাটির ৫৩৯ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণেও গ্রামীণ এলাকায় বসবাসকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।











































