স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সফর শুরু করলো পাকিস্তান। এতে হারের বৃত্তেই বন্দি থাকলো ক্যারিবিয়ানরা। যুক্তরাষ্ট্রের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের হার ১৪ রানে। গতকাল তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে জয় তুলে নেয় গ্রিন ক্যাপরা।
ফ্লোরিডার লডারহিলে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৮ রান। রান তাড়ায় ৭ উইকেটে ক্যারিবিয়ানরা করতে পারে ১৬৪। প্রতিপক্ষ, ভেন্যু এমনকি দেশ বদলিয়েও ভাগ্যের পরিবর্তন করতে পারলো না ক্যারিবীয়রা। এর আগে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৮ ম্যাচে হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর দুই অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে দলে ফেরায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২৩ বছর বয়সী সাইমের সাকুল্যে রান ২৮, থাকেন উইকেটশূন্য। তবে তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিলেন সাইম। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে ফিরে যান শাহিবজাদা ফারহান (১৪)। এরপর অভিজ্ঞ ফখর জামানকে নিয়ে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম। এ বাঁহাতি ব্যাটার ফিফটি পূর্ণ করেন ৩৪ বলে। ৩৮ বলে ৫৭ রান করে সাইম ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটের জুটি। কিছুক্ষণ পর ফখর থামেন ২৪ বলে ২৮ রান করে। ১৮ বলে ২ ছক্কায় ২৪ রানে দলকে আরেকটু এগিয়ে নেন হাসান নওয়াজ। শেষ দিকে ৯ বলে ১৫ রান করেন ফাহিম আশরাফ। অধিনায়ক সালমান আলী আঘা অপরাজিত থাকেন ১০ বলে স্রেফ ১১ রান করে। ইনিংসের শেষ বল ছক্কায় উড়িয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ হারিস।
দুর্দান্ত ফর্মে থাকা ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ার পেশির চোটে এ সিরিজে খেলতে পারছেন না। তাদের অভাব ভালোভাবেই টের পেলো ওয়েস্ট ইন্ডিজ। অজিদের বিপক্ষে কিংয়ের সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক শেই হোপ। তবে এদিন দেখা গেল নতুন উদ্বোধনী জুটি। দলে ফেরা জনসন চার্লসের সঙ্গে নামেন অভিষিক্ত উইকেটকিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু। এ জুটিতে ৭২ রান যোগ হলেও ততক্ষণে খেলা হয়ে গেছে ১১.১ ওভার। দুজনই ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে। নিজের প্রথম দুই ওভারে স্রেফ ৫ রান খরচ করেন শাহিন আফ্রিদি। চাপের মুখে একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকে ক্যারিবিয়ানরা। শেষ তিন ওভারে জেসন হোল্ডার আর শামার জোসেফের ছয় ছক্কায় তোলা ৫০ রান শুধু হারের ব্যবধানটাই কমায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। ২ ওভার হাত ঘুরিয়ে ২০ রানে ২ উইকেট তুলে নেন সাইম। ব্যাট-বলের পারফর্মেন্সে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায়।











































