Home খেলাধুলা চূড়ান্ত পর্বে চোখ রেখেই আজ ঢাকা ছাড়ছেন আফঈদারা

চূড়ান্ত পর্বে চোখ রেখেই আজ ঢাকা ছাড়ছেন আফঈদারা

12



স্পোর্টস রিপোর্টার।।
মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের সামনে আরেকটি পরীক্ষা। ২রা আগস্ট শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব। বাংলাদেশ গ্রুপের খেলা ৬ আগস্ট লাওসে। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার লক্ষ্য নিয়ে আজ লাওসে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল । স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। অধিনায়ক আফঈদা খন্দকারসহ জাতীয় দলের ৯ ফুটবলার আছেন অনূর্ধ্ব-২০ দলে। কোচ পিটার বাটলারও আছেন। তাই বাংলাদেশ বেশ শক্তপোক্ত দল নিয়েই লাওস যাচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়ক এই সফর নিয়ে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানান।

আফঈদা বলেন, তারা কোয়ালিফাই করার লক্ষ্য নিয়েই লাওস যাচ্ছেন। কোচ পিটার বাটলার বলেন, ‘আমাদের একটার পর একটা টুর্নামেন্ট আসছে এবং সেটা দ্রুতই। এটা একদিক দিয়ে ভালোই। আমি বারবার বলছি, আমরা যেন ক্লান্তির দিকে না যাই। আমরা একসঙ্গে তিনটি প্রোগ্রাম পরিচালনা করেছি, যা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে শুধু এশিয়া নয়, সারা বিশ্বেই দলগুলো অনেক বেশি শক্তিশালী, চতুর এবং কৌশলগতভাবে পরিপক্ক হয়ে উঠেছে। অনেক দল হঠাৎ করেই দৃশ্যপটে উঠে এসেছে এবং ভালো পারফর্ম করছে। এজন্য আমি প্রতিটি ম্যাচ একসঙ্গে দেখার পরিবর্তে এক ম্যাচ করে দেখে এগোতে চাই।’ বাংলাদেশ নারী দলের অন্যতম সফল কোচ বলেন, ‘আমাদের সামনে তিনটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি লাওসের বিপক্ষে। এরপর তিমুর ও সবশেষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। আমার মতে, দক্ষিণ কোরিয়া এই বয়সভিত্তিক গ্রুপে অন্যতম সেরা দল। তাদের অনূর্ধ্ব-১৭ দলটি সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেই খেলোয়াড়রাই অনূর্ধ্ব-২০ দলে থাকবে। তারা খুব মেধাবী, পরিশ্রমী, ফিট ও সংগঠিত একটি দল।’ দারুণ ছন্দে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও। ১১ থেকে ২১শে জুলাই ঘরের মাঠে টানা ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে মেয়েরা। সাফজয়ী দলের ২৩ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার।

৬ই আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ই আগস্ট পূর্ব তিমুর আর ১০ই আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। ৩৩ দলের বাছাইপর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীতটা অবশ্য বেশ হতাশারই। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।