Home খেলাধুলা অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দল ঘোষণা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দল ঘোষণা

76


স্পোর্টস ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে আগামী মাসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। টুর্নামেন্টটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)।

কিছুদিন আগেই অনূর্ধ্ব-২০ পর্যায়ে সাফ জিতেছেন বাংলাদেশের নারীরা। সেই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা ২৩ জনকেই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে রেখেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাইয়ে এবার লড়বে ৩৩টি দল। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। সেখান থেকে সেরা আট দল যাবে এশিয়ান কাপে। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও খেলতে পারবে আসন্ন এই টুর্নামেন্টে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের অতীত ইতিহাস সুখকর নয়। ১২ ম্যাচ খেলার পর জয় এসেছে মাত্র দুইটিতে। যদিও সাম্প্রতিক সাফল্য আশা দেখাচ্ছে বাংলাদেশকে। ১১ থেকে ২১ জুলাই ঘরের মাঠে টানা ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে লাল-সবুজ জার্সিধারীরা।

‎অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার। ‎

ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎

মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।