স্পোর্টস ডেস্ক।।
গ্লোবাল সুপার লীগে জয়ের জন্য শেষ ২ ওভারে হোবার্ট হারিকেন্সের দরকার পড়ে ২২ রান। শেষ ওভারে তা কমে দাঁড়ায় ১৩ রানে। টি-টোয়েন্টিতে এই লক্ষ্য তেমন কঠিন কিছু নয়। তবে সেই কাজের কাজটা করে দেখিয়েছেন রংপুর বোলার আজমতউল্লাহ ওমরজাই। ১ রানে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দলটি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে রংপুর। রান তাড়ায় ইনিংসের শেষ বলে ১৫০ রানে শেষ উইকেটটি হারায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রানের খরচে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা খালেদ আহমেদ। প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই টাইগার বোলার। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটের জুটিতে ২৫ রান তোলেন ইব্রাহিম জাদরান ও সোম্য সরকার। ৬ বলে ৫ রানের অবদান রেখে সাজঘরে ফেরেন সৌম্য। দলীয় ৫৮ রানে দ্বিতীয় উইকেট হিসেবে আউট হবার আগে ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন জাদরান। আগের ম্যাচের মতো এদিনও দুর্দান্ত ব্যাটিং করেন কাইলি মায়ার্স। ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করে তিনি মাঠ ছাড়েন অপরাজিত ব্যাটার হিসেবে। এরপর আর দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ ওমরাজাই (১৫)। হোবার্টের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন উসামা মীর। বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের রান তাড়ায় প্রথম ওভারের শেষ বলেই ভানুকা রাজাপাকসেকে তুলে নেন মায়ার্স। ১৯ বলে ৩৪ রানের ক্যামিও খেলা অধিনায়ক বেন ম্যাকডারমটকে থামান খালেদ আহমেদ। পরপর দুই ওভারে ম্যাকআলিস্টার রাইট ও জেক দোরানকে সাজঘরে পাঠিয়ে হোবার্টকে চেপে ধরেন খালেদ। পঞ্চম উইকেট হিসেবে নিখিল চৌধুরীকে তুলে নেন রকিবুল হাসান। এক প্রান্ত আগলে রেখে ৪৪ রান করা নবীকে নবম উইকেট হিসেবে আউট করেন আজমতউল্লাহ। ইনিংসের শেষ বলে রান আউটে বিলি স্টানলেক কাঁটা পড়তেই উল্লাসে মাতে নুরুল হাসান সোহানের দল।
পরের ম্যাচে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। আগামী ১৬ই জুলাই রাত ৮টায় ম্যাচটি গড়াবে এই স্টেডিয়ামেই।











































