Home খেলাধুলা আইপিএলজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের অভিযোগ

আইপিএলজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের অভিযোগ

12


স্পোর্টস ডেস্ক

আইপিএল শিরোপা জয়ের পর এখনো এক মাসও পার হয়নি বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের। কিন্তু এরইমধ্যে চরম বিতর্কে জড়ালেন তিনি। গাজিয়াবাদের এক তরুণী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন দয়ালের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।

Pause


অনলাইনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেন ওই তরুণী। এরপর মুখ্যমন্ত্রীর দফতর থেকে গাজিয়াবাদ অঞ্চলের সার্কেল অফিসারকে বিষয়টি তদন্ত করে ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এফআইআরে তরুণী দাবি করেছেন, পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সময়ে তাকে বারবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি আর্থিকভাবে ঠকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, শুধু তার সঙ্গেই নয়, দয়াল নাকি অতীতে আরও অনেক মহিলার সঙ্গেও একইরকম আচরণ করেছেন।

প্রমাণস্বরূপ তরুণী পুলিশের হাতে তুলে দিয়েছেন চ্যাটের স্ক্রিনশট, ভিডিও কলের রেকর্ডিং এবং বিভিন্ন ছবি। অভিযোগে আরও উল্লেখ আছে, দয়াল তাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং স্বামীর মতো ব্যবহার করতেন, যার ফলে তিনি পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি পাল্টে গেলে প্রতিবাদ করায় শুরু হয় নির্যাতন।

গত ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইনে ফোন করে সাহায্য চেয়েছিলেন ওই তরুণী। প্রত্যাশিত সাড়া না পেয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর দফতরে সরাসরি অভিযোগ জানান।

এদিকে আইপিএলের শেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচে অংশ নিয়ে ১৩টি উইকেট শিকার করেন দয়াল। বছর দুয়েক আগে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে গিয়ে কোলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের হাতে এক ওভারে পাঁচ ছক্কা খাওয়ার ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি।

তবে এবার আলোচনায় উঠলেন মাঠের বাইরের এক গুরুতর অভিযোগ ঘিরে। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ।