Home খেলাধুলা নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন অ্যাডাম মিলনে

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন অ্যাডাম মিলনে

6


স্পোর্টস ডেস্ক

এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরেছেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার অ্যাডাম মিলনে। অ্যাঙ্কেল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই ৩৩ বছর বয়সী পেসার ফের জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের কিউই স্কোয়াডে।

ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারেতে। তবে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামে আছেন লকি ফার্গুসন। কাইল জেমিসন অপেক্ষা করছেন তার প্রথম সন্তানের জন্মের, আর বেন সিয়ার্স মাঠের বাইরে চোটের কারণে।

মিলনে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এরপর ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয় তাকে, ফলে খেলতে পারেননি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। পুনর্বাসনের পর ওয়ানডে দিয়ে দলে ফেরেন তিনি, এবার ফিরলেন টি-টোয়েন্টিতেও।

দলে ফিরেছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ব্যাটার বেভন জ্যাকবসও। তিনি গত ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ডাক পেলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না। এবার আবারও জায়গা পেয়েছেন মূল দলে।

আইপিএলের সূচির সঙ্গে সংঘর্ষের কারণে পাকিস্তান সিরিজে খেলতে না পারা গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ফিরেছেন এই স্কোয়াডে। তবে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ের, যিনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে।

এদিকে চলমান মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ অংশ নিচ্ছেন কিউই স্কোয়াডের কয়েকজন সদস্য। এমএলসির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই, যেদিন শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তবে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুলাই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিউই ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমএলসি ফাইনালে অংশ নেওয়া কোনো খেলোয়াড় সময়মতো জিম্বাবুয়েতে পৌঁছাতে না পারলে তাদের বদলি ক্রিকেটার নির্ধারণ করা হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি।