Home খেলাধুলা সর্বকনিষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে প্রিটোরিয়াসের সেঞ্চুরি

সর্বকনিষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে প্রিটোরিয়াসের সেঞ্চুরি

12


স্পোর্টস ডেস্ক।।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র ৫৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েও ৯ উইকেটে ৪১৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অবদান লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের। অথচ, আজই অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের।


১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করা প্রিটোরিয়াস আউট হয়েছেন দেড় শ ছাড়িয়ে। ওয়ানডে মেজাজে খেলে ১৬০ বলে করেছেন ১৫৩ রান। যার মধ্যে ১১টি চারের পাশাপাশি ছিল ৪টি ছক্কার মার। এর মাধ্যমে দারুণ কিছু রেকর্ড গড়লেন তিনি।

আজ প্রিটোরিয়াসের বয়স- ১৯ বছর ৯৩ দিন। তিনিই এখন টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানো সর্বকনিষ্ঠ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। শুধু অভিষেকই নয়, দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও এখন প্রিটোরিয়াসের। এর আগের রেকর্ডটি ছিল গ্রায়েম পোলকের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ১৯ বছর ৩১৭ দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পোলক।

টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের। মাত্র ১৭ বছর ৬১ দিনে সেঞ্চুরি করেছিলেন তিনি।

টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার

মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ) – ১৭ বছর ৬১ দিন

হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) – ১৭ বছর ৩৫২ দিন

সেলিম মালিক (পাকিস্তান) – ১৮ বছর ৩২৩ দিন

পৃথ্বী শ (ভারত) – ১৮ বছর ৩২৯ দিন

লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা) – ১৯ বছর ৯৩ দিন

প্রিটোরিয়াস ছাড়াও দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সেঞ্চুরি পেয়েছেন করবিন বশ। ১২৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন তিনি। এদিন পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের (৪১ বলে ৫১) সঙ্গে ৯৫ ও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন প্রিটোরিয়াস।