ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পরকীয়ার জেরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী, যিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
হৃদয়বিদারক এই ঘটনা ঘটে শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে।
নিহতরা হলেন-চন্ডিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম (৫৫)। গুরুতর আহত শহিদুলের স্ত্রী রেহানা বেগম (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শহিদুল ইসলাম এর মেয়ে সুমনা আক্তার তোয়া জানান, তার বাবা রাত ১১টার দিকে বাড়ির সামনে পুকুরঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস, রফিকুল ইসলাম হাওলাদার, রফিকুলের ভাই লিটন হাওলাদারসহ আরও কয়েকজন সশস্ত্র হয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই শহিদুল ও মুকুলী বেগম নিহত হন। আহত হন শহিদুলের স্ত্রী রেহানা বেগম।
তিনি আরও জানান, হামলাকারীরা শহিদুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দেয়।
স্থানীয়দের দাবি, প্রবাস ফেরত ইউনুসের স্ত্রী সঙ্গে শহিদুল ইসলামের পরকীয়ার সম্পর্ক রয়েছে-এমন সন্দেহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।”











































