স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সঙ্গে ব্যাপক আকারে সংঘাত চলছে প্রতিবেশী দেশ ভারতের। একই সময়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন অস্ট্রেলিয়াসহ বিদেশি ক্রিকেটাররা। আইপিএল খেলা এসব ক্রিকেটাররা সংঘাতের জেরে দ্রুতই ভারত ছাড়তে চাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অনেক বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাদের দেশে ফিরে যাওয়ার উপায় খুঁজছেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাম প্রকাশ না করার শর্তে কথা বলা বেশ কয়েকজন খেলোয়াড়ের এজেন্টের মতে, অস্ট্রেলিয়ান বেশ কয়েকজন ক্রিকেটার তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে যেতে প্রস্তুত, বিশেষ করে সংবেদনশীল সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থিত যারা।’
চলমান আইপিএল মৌসুমে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেডের মতো অস্ট্রেলীয় খেলোয়াড়রা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। এদিকে, অস্ট্রেলিয়ান কোচ রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিনও সেখানে আছেন।
গতকাল ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ হামলার আশঙ্কায় বাতিল করার পরই শঙ্কা বাড়ে। এরপর জরুরি বোর্ড সভা ডাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় আইপিএল। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পাকিস্তান থেকে সরানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যেহেতু পিএসএল ইতিমধ্যেই তাদের বিকল্প ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে, তাই আইপিএল দক্ষিণ আফ্রিকাকে বেছে নিতে পারে। দক্ষিণ আফ্রিকা অতীতে আইপিএল আয়োজন করেছে।
এদিকে, পাঞ্জাবের প্রধান কোচ পন্টিং গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা নিশ্চিত নই যে আমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছি … আহমেদাবাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে এবং জয়পুর সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, তবে আমরা কেবল আজকের রাতের ম্যাচ নিয়েই চিন্তিত।’











































