Home খেলাধুলা আইপিএল স্থগিত ১ সপ্তাহের জন্য

আইপিএল স্থগিত ১ সপ্তাহের জন্য

35


স্পোর্টস ডেস্ক

শঙ্কা তৈরি হয়েছিল গতকাল বৃহস্পতিবার ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলা মাঝপথে বন্ধ করে দেওয়ার পরই। এরপরই জরুরি সভা ডাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভায় সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে আইপিএল। পরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে টুর্নামেন্টটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবারের বৈঠকেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পরে আজ শুক্রবার বিকেল ৩টার পরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি বুঝে নেওয়ার জন্যই এত বেশি সময় নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। গতকাল পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও পয়েন্ট ভাগাভাগি হয়নি। তার মানে, পরে যদি আইপিএল আবার আয়োজিত হয়, তা হলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে। কলকাতায় কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল। তবে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি। নতুন সূচি ঘোষণা করা হতে পারে।

আজ আইপিএলের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বলা হয়, ‘আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটার, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর, সমর্থকদের কথা ভাবা হয়েছে। ভারতীয় সেনার উপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্ণ আস্থা আছে। দেশের পাশে বোর্ড। জঙ্গিহানার বিরুদ্ধে ভারত যে ভাবে অপারেশন সিঁদুর করেছে তার জন্য বোর্ড সেনাকে বাহবা জানায়।’

গতকাল পাঞ্জাব ও দিল্লির ম্যাচের মাঝপথে হঠাৎই বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। দর্শকদের বেরিয়ে যেতে বলা হয় স্টেডিয়াম থেকে। প্রাথমিকভাবে এটিকে একটি প্রযুক্তিগত সমস্যা হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল, কিন্তু শীঘ্রই খেলোয়াড় এবং আম্পায়াররা ড্রেসিংরুমে চলে যান। পরে জানা যায়, পাকিস্তানি হামলার শঙ্কায়ই ম্যাচটি বাতিল করা হয়েছে। ওই সময় ভারতশাসিত জম্মুতে হামলা শুরু করে পাকিস্তান।