Home খেলাধুলা ন্যাপোলিকে বিধ্বস্ত করেই কোয়ার্টারে বার্সা

ন্যাপোলিকে বিধ্বস্ত করেই কোয়ার্টারে বার্সা

32

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার ম্যাচ মানেই তাদের আধিপত্য। আগের পরিসংখ্যান তেমনই তথ্য দেয়। টানা ৩৫ ম্যাচে অপরাজিত বার্সা। তাই শেষ ষোলোতে তাদের হারাতে হলে সেরাটাই দিতে হতো নাপোলিকে। কিন্তু ন্যু ক্যাম্প তাদের সামনে দুর্গই থেকে গেলো দ্বিতীয় লেগে। নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে টানা ১৩তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিকে সেতিয়েনের দল।
ফেব্রুয়ারির প্রথম লেগটি অবশ্য শেষ হয়েছিল সমতায়, ১-১ গোলে। কিন্তু দ্বিতীয় লেগে কোনও ভুল হয়নি কাতালান কাবটির। দুই লেগ মিলে বার্সা শেষ আট নিশ্চিত করেছে ৪-২ অগ্রগামিতায়। শুরুতে নাপোলি আক্রমণ হানলেও ম্যাচের দশম মিনিটেই গোল করে এগিয়ে যায় বার্সা। ইভান রাকিতিচের কর্নারে হেড করে গোলটি করেন লংলে। ২৩ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়িয়ে নেন আর্জেন্টাইন তারকা মেসি। জটলার মাঝে বল নিয়ে পড়েও গিয়েছিলেন। তার পরেও কোনাকুনি শটে জাল কাঁপাতে ভুল হয়নি তার। কিছুক্ষণ পর ৩০ মিনিটে আরেকটি গোলও পেয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির কল্যাণে সেটি হ্যান্ড বল হওয়ায় বাতিল করা হয়ে যায় তা। বল বুক দিয়ে নামানোর সময় তার হাত স্পর্শ করেছিল। তবে তৃতীয় গোলটি পেনাল্টির মাধ্যমেই পেয়েছে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে কাউলিবালি মেসিকে ফাউল করলে স্পট কিক থেকে গোল করেন সুয়ারেস।
তবে এই অর্ধের যোগ করা পঞ্চম মিনিটে একটি গোল শোধ দেয় নাপোলি। মার্টেন্সের ওপর ফাউল করে বসেন রাকিতিচ। পরে স্পট কিক থেকে গোল করেন লরেনসো। দ্বিতীয়ার্ধে নাপোলি বেশ কিছু চেষ্টা করলেও ব্যবধানে আর হেরফের করতে পারেনি।

ওকস-বাটলারে ইংল্যান্ডের জয়

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টারে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনশেষে স্কোরকার্ড বলছিল পাকিস্তানের রাজত্বের কথা। কিন্তু তৃতীয় দিনেই সব পাল্টে গেল। চতুর্থ দিনের পরতে পরতে মিশে গেল টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ। ব্যাট হাতে যে রোমাঞ্চ জিতে নিলেন জস বাটলার ও ক্রিস ওকস। এই দুজনের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ এক জয় পেয়েছে ইংল্যান্ড।
ক্ষণে ক্ষণে রং পাল্টানো ম্যাচের শেষ দিনটা খরচ হলো না। চারদিনেই পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। ২৭৭ রানের লক্ষ্য একটা সময় বিশাল দূরের পথ মনে হলেও শতরানের জুটি গড়ে ইংল্যান্ডকে দারুণ এক জয় উপহার দিলেন বাটলার-ওকস। দলে তার ভূমিকা যে অলরাউন্ডারের, বিপদের সময় সেটা মনে করিয়ে দিলেন ওকস। বাটলার ৭৫ রান করে ফিরলেও ডানহাতি এই অলরাউন্ডার ৮৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠে ছাড়েন। এরআগে বল হাতেও পাকিস্তানকে জ্বালা দেন তিনি, নেন ৪ উইকেট। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার ওকসের ঝুলিতেই উঠেছে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিং করতে নেমে শান মাসুদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে পাকিস্তান। এরপর ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাদাব খানদের বোলিং তোপে ২১৯ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসেই ১০৭ রানের লিড পায় পাকিস্তান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস বড় করতে দেননি স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, বেন স্টোকসরা। এই তিন বোলারের তোপে ১৬৯ রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এখান থেকে হাল ধরে দলের জয় নিশ্চিত করেন বাটলার ও ওকস। ১২০ বলে ১০টি চারে ৮৪ রানের মহাকার্যকর এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ক্রিস ওকস। ১০১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭৫ রান করেন বাটলার। এরআগে ডম সিবলি ৩৬ ও অধিনায়ক জো রুট ৪২ রান করেন। পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
সাউদাম্পটনে ১৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আগামী ২১ আগস্ট। ম্যাচ সেরা ক্রিস ওকস (ইংল্যান্ড)।

বৃষ্টি উপেক্ষা করে টাইগারদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

দফায় দফায় বৃষ্টি বাঁধাকে উপেক্ষা করেই চলছে ক্রিকেটারদের দ্বিতীয় দিনের অনুশীলন। এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছেন পেসার আল আমিন, স্পিনার বিপ্লব ও টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
মিরপুরে হোম অব ক্রিকেট সকাল সকাল মাঠে আসেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক। তবে এদিন কোন রানিং করেননি তিনি। ব্যাটিং অনুশীলন করতে সরাসরি চলে গেছেন ইনডোরে। দ্বিতীয় দিনের মতো রানিং আর জিম করেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন পেসার আল-আমিন। তবে বৃষ্টির কারণে একাডেমি মাঠ ভেজা থাকায় বোলিং অনুশীলন করতে পারেননি তিনি। তবে ঠিকই জিমে নিজেদের ঝালাই করেছেন বিপ্লব, রানা, ইমরুল, সৌম্য-মিঠুনরা।

সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নাঈম মারা নিহত

ক্রীড়া প্রতিবেদক

মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। শনিবার রাতে কেরানীগঞ্জের বাসায় চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
কেরানীগঞ্জ মডেল থাকার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, ‘গত ২৬ জুলাই রোহিতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান নাঈম। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় তাকে। বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায়ই শনিবার রাতে মারা যান তিনি।’

যুব হকি ক্যাম্পের দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে রিপোর্ট করা ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। আক্রান্তের হার ৬০ শতাংশ। সে তুলনায় অনেক ভালো খবর দিয়েছে অনূর্ধ্ব-২১ হকি ক্যাম্প। ক্যাম্পে ডাকা ২০ জনের মধ্যে রিপোর্ট করেছিলেন ১৬ জন। শনিবার তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। দুইজনের রেজাল্ট এসেছে পজিটিভ।
বাকি ৪ জন মঙ্গলবার ক্যাম্পে রিপোর্ট করলে তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘বিকেএসপির দুই খেলোয়াড় রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান জয়ের করোনা পজিটিভ হয়েছে। বাকি ১৪ জন নিয়ে রোববার বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে শুরু হয়েছে। করোনা পজিটিভ দুইজনকে বিমান বাহিনীর ঘাঁটিতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

করোনায় আক্রান্ত মোশাররফ হোসেন

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। শুধু রুবেল নন, তার বাবাও করোনা পজিটিভ হয়েছেন। তার বাবা ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হলেও রুবেল নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
গতকাল রবিবার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই। শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ফলাফল পজিটিভ এসেছে। তার সঙ্গে তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে রুবেলের স্ত্রী ও সন্তানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ৩৮ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয়েক ধাপে চিকিৎসা নিয়ে সুস্থ হন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই স্পিনার।

কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

অ্যালিয়াঞ্জ এরেনায় রাতটা নিজের করে নেন রবার্ট লেওয়ানডোস্কি। মাঠের লড়াইয়ে ছড়িয়ে দেন নান্দনিক ফুটবলের মুগ্ধতা। ফুটবল জাদু দেখিয়ে দলকে উপহার দেন জোড়া গোল। তার চমৎকার এ নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে চেলসিকে। ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট।
স্টামফোর্ড ব্রিজে টুর্নামেন্টের শেষ ষোল পর্বের প্রথম লেগে ৩-০ গোলের জয় দিয়ে এগিয়ে ছিল বায়ার্ন। ফিরতি লেগের দুর্দান্ত জয় দিয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে বাভারিয়ানদের এগিয়ে দেন লেওয়ানডোস্কি। পরে সতীর্থদের দুটি গোলে সহায়তাও করেন। ২৫তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিক। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভুলে চেলসিকে গোল এনে দেন ট্যামি আব্রাহাম। বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পেয়ে যান বায়ার্নের কোরেনতিন তোলিসো। ম্যাচ শেষের সাত মিনিট আগে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের হতাশ করে বলে মাথা ছুঁয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডোস্কি। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে এটি তার ৫৩ গোল।

জুভেন্টাসের কোচ পিরলো

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় ছাঁটাই করা হয়েছে জুভেন্টাস কোচ মরিসিও সারিকে। তাকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে ইতালিয়ান জায়ান্টরা। ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জুভেন্টাস।
খুব বেশি দিন হয়নি পিরলোকে বয়স ভিত্তিক দলের কোচ করেছে জুভেন্টাস। তাকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এবার তাকে মূল দলেরই কোচ করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দুই বছরের চুক্তিতে তিনি দায়িত্ব পালন করবেন ২০২২ সালের জুন পর্যন্ত। পিরলো ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নিজ শহরের কাব ব্রেসিয়াতে। কাবটিকে ১৯৯৭ সালে সিরি বি জিতিয়েছিলেন। একই বছর তাকে কিনে নেয় ইন্টার মিলান। তার পর এসি মিলান, জুভেন্টাসেও খেলেছেন।

সিরিজ থেকে সরে দাঁড়ালেন স্টোকস

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে থাকছেন না বেন স্টোকস। অসুস্থ বাবা জেরার্ড স্টোকসকে দেখার জন্য তাকে ছুটে যেতে হচ্ছে জন্মভূমি নিউজিল্যান্ডে। গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
যার কারণে সিরিজের শেষ দুই ম্যাচে স্টোকসকে পাবে না ইংলিশরা। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড পরের দুই টেস্ট খেলবে ১৩ ও ২১ আগস্ট। দুই টেস্টই হবে সাউদ্যাম্পটনের অ্যাজেস বোলে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ৩ উইকেটে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জো রুটের দল।


চেলসি ছাড়লেন উইলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

চেলসির সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানলেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। গতকাল রবিবার স্টামফোর্ড ব্রিজ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী তারকা।
কয়েকদিন ধরে উইলিয়ানের চেলসি ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল। সম্ভাব্য ঠিকানা হিসেবে ওপর সারিতে ছিল আর্সেনাল। ব্লুজদের ছাড়লেও অবশ্য উইলিয়ান তার নতুন ঠিকানার বিষয়টি নিশ্চিত করেননি এখনও। শনিবার চলতি চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও ছিলেন না উইলিয়ান। ব্রাজিলিয়ান উইঙ্গারের অবশ্য ম্যাচটিতে না থাকার কারণ গোড়ালির চোট। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটিতে চেলসিও বড় ব্যবধানে হেরে বাদ পড়েছে আসর থেকে। ২০১৩ সালে রাশিয়ান কাব আনঝি মাখাছকালা থেকে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন উইলিয়ান। এরপর স্টামফোর্ড ব্রিজে অত্যন্ত জনপ্রিয়দের একজন হয়ে ওঠেন তিনি। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩৯ ম্যাচ খেলেছেন উইলিয়ান।

যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার ওয়ারিঙ্কার

ক্রীড়া প্রতিবেদক

দিন যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে চলতি বছর ইউএস ওপেনে নেই’য়ের তালিকা। নতুন করে ফাশিং মেডো থেকে নাম প্রত্যাহার করলেন সাবেক চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা।
রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বেশ কিছুদিন আগেই। করোনার জেরে এবার নিউইয়র্কের স্বাস্থ্য সংকটের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্র ওপেনের পরিবর্তে বরং পরবর্তী ফরাসি ওপেনেই ফোকাস করছেন এই স্প্যানিশ তারকা। যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে বিশ্বের ১৭ নম্বর ওয়ারিঙ্কা জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের যা স্বাস্থ্য পরিস্থিতি তা পর্যালোচনা করে সেখানে আমি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চ্যাম্পিয়নস লিগের শেষ আট

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস অনিশ্চিত করে দিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভাগ্য। শেষ অব্দি মাঠে গড়াল লড়াই। স্বাস্থ্যবিধি মেনেই মাঠে নামলেন ফুটবলাররা। তার পথ ধরেই শেষ হলো নকআউট পর্বের প্রথম ধাপ। কোয়ার্টার ফাইনালে ওঠে এলো আট কাব।
করোনা মহামারীর সময়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মত ফরম্যাট পরিবর্তন করেছে উয়েফা। এবার বিশ্বকাপের আদলে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল। সময় বাঁচাতে এছাড়া উপায়ও নেই। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা মাত্র ১২ দিনে শেষ করতে চায় মাঠের লড়াই। একই শহরে সবগুলো দল রেখে টুর্নামেন্টটি শেষ করার ছক কষেছেন আয়োজকরা। এ কারণে পর্তুগালের লিসবনকেই বেছে নিয়েছেন তারা। যেখানে করোনা সংক্রমণ ইউরোপের অন্য শহরের তুলনায় কিছুটা কম।
এ অবস্থায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালের ড্র ও সূচি তৈরি করে ফেলেছে উয়েফা। বিশ্বকাপের মতো শেষ আট থেকে শুধু এক লেগের খেলা হবে। মানে নকআউট। ফিরতি লেগের ম্যাচ হচ্ছে না। এরমধ্যে চূড়ান্ত হয়েছে শেষ আটের সূচি। লিওনেল মেসিদের কাব বার্সেলোনা লড়বে বায়ার্ন মিউনিখের সঙ্গে। ১৪ আগস্ট লিসবনে লড়াই।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু ১২ আগস্ট থেকে। প্রথম দিন পিএসজি’র প্রতিপক্ষ আটালান্টা। ১৩ আগস্ট আরবি লেইপজিগের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ আগস্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ দ্বৈরথ। শেষ আটের শেষ ম্যাচে ম্যানসিটি’র প্রতিপক্ষ ফরাসি কাব অলিম্পিক লিঁও। সেমি-ফাইনালের দুটি ম্যাচ ১৮ ও ১৯ আগস্ট। ২৩ আগস্ট ইউরোপিয়ান কাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক টুর্নামেন্টের ফাইনাল।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার টেস্টে চার দিনেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে জো রুটের দল। বাটলার-ওকসের দৃঢ়তায় গতকাল শনিবার শেষ বেলায় ২৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন পেসার ওলি রবিনসন।
বব উইলস ট্রফিতে ক্যান্টবুরিতে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলা এই পেসারকে ইতোমধ্যে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিনসন। হ্যাম্পশায়ারের এজাস বোলের হেডকোয়ার্টারে জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে থাকা টেস্ট দলের সাথে আগামী সোমবার যোগ দেবেন রবিনসন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ছিলেন রবিনসন। ওই সিরিজের পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৬৫ রানে ৮ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার রবিনসন।

জিদানকেও ছাপিয়ে যেতে পারেন কোচ পিরলো

ক্রীড়া প্রতিবেদক

খেলোয়াড়ি জীবনে দুজনেই ছিলেন সফল মাঝমাঠ শিল্পী। খেলা ছেড়ে কোচ হিসেবেও দারুণ সফল জিনেদিন জিদান, রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ। সাফল্যে জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো তার সমপর্যায়ে যেতে পারেন বলেই মত কাবটির কিংবদন্তি ও পিরলোর একসময়ের জাতীয় দল সতীর্থ আলেসান্দ্রো ডেল পিয়েরো।
লিওঁর বিপক্ষে জিতলেও অ্যাওয়ে গোলের কারণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ইতালিয়ান কাব জুভেন্টাস বাদ পড়ে যাওয়ায় ছাঁটাই করা হয় কোচ মাউরিসিও সারিকে। পরে কাবের অনূর্ধ্ব-২৩ দল থেকে তুলে এনে সরাসরি মূল দলের দায়িত্ব দেয়া হয়েছে জুভদের সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে।
পিরলোর কোচ হওয়াটা অনেকের কাছে অবাক করার মতো হলেও পিয়েরোর বিশ্বাস আজ্জুরিদের ২০০৬ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিদানের মতো সাফল্য এনে দিতে পারবেন। প্রথমবারের মতো মূল দলের কোচ হয়ে জিদান যেমন রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, পিরলোও জুভদের আড়াই দশকের ইউরোপ জয়ের আক্ষেপ মেটাবেন বলে মনে করেন পিয়েরো।