Home আঞ্চলিক বাগেরহাটে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

55

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে বেঁধে রানী বেগম নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের খবর পাওয়া গেছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে।

ভুক্তভোগী রানী বেগম জানান, বাড়ি থেকে কালিকাবাড়ি বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একই গ্রামের প্রতিপক্ষ নেছার শিকদারের ছেলে নাছির শিকদার, মোস্তফা সরদারসহ ৭-৮ জন তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

জানা গেছে, জমিজমা নিয়ে একই গ্রামের প্রতিবেশী খলিল শিকদার ও তার ভাইদের সঙ্গে গত ৪ বছর ধরে বিরোধ চলছিল ঐ নারীর পরিবারের। এরই জেরে এ হামলার চালিয়েছেন প্রভাবশালীরা।

এ ব্যাপারে খলিল শিকদার জানান, রানী বেগমের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে, মারপিটের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, বাসবাড়িয়া গ্রামে গৃহিণীকে মারপিটের বিষয় তিনি অবহিত নন। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।