Home আঞ্চলিক ডা. রকিব হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার : একজনের স্বীকারোক্তি : আরেকজনের...

ডা. রকিব হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার : একজনের স্বীকারোক্তি : আরেকজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

7


স্টাফ রিপোর্টার:


নগরীর গল্লামারির রাইসা কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিক ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলার ৫আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচলিত, অপ্রচলিত সকল মাধ্যম এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে খুলনা থানা পুলিশ এবং ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ঢাকার টঙ্গী ও খুলনার রূপসা থেকে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকার মৃত. সৈয়দ ছবেদ আলীর ছেলে মো. জমির (৩৫), লবণচরা থানার মোহাম্মদ নগর পল্লবী সড়কের মো. হায়দার আলীর ছেলে মো. আবু আলী শেখ (৪৫), নগরীর ৫৩, কেডিএ এভিনিউস্থ রাশিদা মেমোরিয়াল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান মো. আব্দুর রহিম মহলদার (৩২), সে যশোর জেলার অভয়নগর থানার বাগদাহ গ্রামের মো. আব্দুর রহমান মহলদারের ছেলে, লবণচরা থানার নিজখামার বাইতুস মোকাদ্দাস মসজিদ এর পাশের বাসিন্দা আবু জাফরের স্ত্রী খাদিজা বেগম (৪৫) ও হরিণটানা থানার রাজবাধ গ্রামের মৃত. সেকেন্দার আলী শেখের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।


গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান গ্রেফতারকৃতদের মধ্যে আসামি খাদিজা বেগম ও আব্দুর রহিমকে আদালতে হাজির করেন। এর মধ্যে আসামি খাদিজা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। অন্য আসামি আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, নগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪জুন সিজারের জন্য রাইসা কিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সেখানের চিকিৎসকরাও রোগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ১৫জুন রাতে শিউলী বেগম মারা যান। ১৫ জুন রাত সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে রোগীর আত্মীয়-স্বজনরা কিনিকে এসে ডা. রকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পিছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিবের মৃত্যু হয়। এঘটনায় নিহত ডা. রকিব খান এর ভাই মো. সাইফুল ইসলাম খান বাদী হয়ে জমির, কুদ্দুস, আবুল আলী শেখ ও রহিমসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করেন যার নং-৬।


খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এজাহারভুক্ত চার আসামির মধ্যে কুদ্দস বাদে তিনজন গ্রেফতার হলো। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।