Home আঞ্চলিক নির্বাচনের আগে কেএমপির ৫ থানা ওসির রদবদল হতে পারে !

নির্বাচনের আগে কেএমপির ৫ থানা ওসির রদবদল হতে পারে !

42

স্টাফ রিপোর্টার।।

সিটি করপোরেশন নির্বাচনের আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হতে পারে। কেএমপির একটি নির্ভরযোগ্য সুত্র এমন তথ্য দিয়েছে। সুত্র দাবি করেছে কয়েকজন ওসিকে সিটি করপোরেশন এলাকার বাইরের থানায় পোস্টিং দেওয়া হতে পারে।

পুলিশের ওই সূত্র আরো জানায়, আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হতে পারে। এদিকে, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি কর্মকর্তাদের বদলি না করতে এবং ছুটি না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যা ভোটের ১৫ দিন পর পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সব নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সিটি নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করার প্রয়োজন হবে।

বিধি অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের পরামর্শ ছাড়া উল্লেখিত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা, ছুটি দেওয়া অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত করা যাবে না।