Home আঞ্চলিক মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে অজগর উদ্ধার করে বনে ছেড়েছে বনবিভাগ

মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে অজগর উদ্ধার করে বনে ছেড়েছে বনবিভাগ

6

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। রাতে খোপে আটকে রাখা সাপটি সকালে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ভিটিআরটি টিম লিডার (কচুবুনিয়া) আলমগীর শিকদার জানান, বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ীর হাঁস-মুরগির খোপে একটি অজগর সাপ ঢুকে। সাপটি খোপে ঢুকে একটি মুরগি খেয়ে ফেলে। তখন হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে গৃহকর্তা আকবর হাওলাদার ঘর থেকে বের হয়ে এসে দেখেন খোপের মধ্যে একটি অজগর সাপ। তা দেখে তিনি তখনই বনবিভাগকে খবর দেয়। এরপর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে। ততক্ষণে সাপটি খোপের আরো একটি মুরগি ও একটি পাতিহাঁস মেরে ফেলে। উদ্ধার হওয়া সাপটি সকাল ৭টার দিকে বরইতলা টহল ফাঁড়ির বনের ভিতরে অবমুক্ত করেছেন উদ্ধারকারীরা।
বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, উদ্ধার হওয়া এ অজগর সাপটির ওজন ৯ কেজি ও লম্বা ১১ ফুট।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের চিংড়ি ঘের থেকে ৬ ফুট লম্বার একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।