খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। দুর্গাপূজা ও ঈদ-ই মিলাদুন্নবী (সা.) এর ছুটি শেষে আগামী ১০ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ সোমবার যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবির বিএ ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর জাহিদুর ও প্রফেসর তৌহিদুর রহমানের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এস এম জাহিদুর রহমান ও প্রফেসর এস এম তৌহিদুর রহমান এর পিতা এস এম সাহিদুর রহমান গতরাত (২৮ সেপ্টেম্বর) ১০টায় বার্ধক্যজনিত কারণে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর কয়লাঘাট কাগজী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এস এম জাহিদুর রহমান ও প্রফেসর এস এম তৌহিদুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মতিউল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ।
খুবিতে সিএসই ফেস্ট-২০২২ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটায় : উপ-উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে দু’দিনব্যাপী ‘কেইউ সিএসই ফেস্ট-২০২২’ শেষ হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যাপাসিটি বিল্ডিং এবং জ্ঞানের বিভিন্ন দিক উন্মোচন ও মেধা বিকশিত করে। দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে নিজেদের মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হয়। এই নেতৃত্ব গুণের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ ছাপিয়ে বিশ্বের বুকে সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে। তিনি আরও বলেন, শুধু চাকরির চিন্তা করলেই হবে না, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে হবে। যাতে তারা অন্যকে গাইড করতে পারে। অন্যকে চাকরি দিতে পারে। উদ্যোক্তা হওয়ার জন্য সাহস দিতে পারে। পরবর্তীতে তারাও উদ্যোক্তা হিসেবে বৃহৎ পরিসর কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপ-উপাচার্য এই ফেস্ট আয়োজনের জন্য সিএসই ডিসিপ্লিন, ক্লাস্টারকে এবং অনুষ্ঠানে স্পন্সর করার জন্য স্টার টেককেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী। আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মো. আনিসুর রহমান। অনুষ্ঠানের স্পন্সর স্টার টেক এর পক্ষে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের ব্যবস্থাপক মো. মাছুম মাহমুদ। সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ক্লাস্টার এর পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোনতাসির হাফিজ সাজিদ।
এসময় সিএসই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ ও ক্লাস্টার এর প্রধান উপদেষ্টা সিএসই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. কাজী মাসুদুল আলমসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেইউ সিএসই ফেস্ট-২০২২ এ আয়োজিত হ্যাকাথন, ফিফা, ভেলোরেন্ট এবং কম্পেটিটিভ প্রোগ্রামিং এ চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে দু’দিনব্যাপী ‘কেইউ সিএসই ফেস্ট-২০২২’ গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খানবাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।









































