মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে রাহাতুননেছা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিজের বয়স্ক ভাতার টাকায় ১২৮ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার সরসকাঠি ও কাশিমপুর এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়।

রাহাতুননেছা কাশিমপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মেম্বরের স্ত্রী। তার ছোট ছেলে আমিনুল হাসান শিল্পি ওই এলাকার (রোহিতা ইউপির সাত নং ওয়ার্ড) বর্তমান ইউপি সদস্য।
শিল্পি মেম্বর বলেন, প্রতিমাসের প্রাপ্ত বয়স্ক ভাতা থেকে দুই-একশ টাকা নিজের চিকিৎসার জন্য জমা করে রাখতেন মা। করোনা পরিস্থিতিতে এলাকার ঘরবন্দি দুস্থ মানুষের কথা ভেবে বৃহস্পতিবার সকালে আমার হাতে চার হাজার টাকা তুলে দেন তিনি। এই টাকায় গ্রামের দুস্থ মানুষদের ইফতার সামগ্রী কিনে দিতে বলেন। ওই টাকার সাথে আরো চার হাজার টাকা দিয়ে মোট আট হাজার টাকার ইফতার সামগ্রী (সেমাই, চিনি) কিনি। পরে তা ওয়ার্ডের ১২৮ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। অসুস্থ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেম্বর।











































