Home আঞ্চলিক দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

10

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার দুপুরে জেলা শহর সংলগ্ন নুরনগর-জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুলু হোসেন আনন্দ (২৩), পার্শ্ববর্তী নূরনগর কলোনিপাড়ার কিতাব আলীর ছেলে মোহাম্মদ মিঠু (২৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)।

আহত হয়েছেন রাজশাহীর বাঘমারা উপজেলার মোহনপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে রনি আহমেদ (৩৫)। নিহত মুক্তা হালদার ও আহত রনি আহমেদ এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুপুর ১টার দিকে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন যুগান্তরকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। এর দুই ঘণ্টা পর চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন। তিনিও শঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে চুয়াডাঙ্গার টুলু ও মিঠু দুই বন্ধু মোটরসাইকেলযোগে জেলার সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি মুক্তা ও রনি মোটরসাইকেলে একই দিকে যাচ্ছিলেন। এ সময় টুলু পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকে ধাক্কা খান। তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেলে ধাক্কা দেন।

এতেই ঘটে দুর্ঘটনা। সংঘর্ষের পর মিঠু ও আনন্দ নামের দুই যুবককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মুক্তা হালদার নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রনি আহমেদকে গুরুতর জখম অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।