স্টাফ রিপোর্টার।।
খালিশপুর থানা এলাকায় বুধবার রাতে একজনকে গুলি করে হত্যার পরদিনই দৌলতপুর থানা এলাকায় দিনে দুপুরে ধারালো অস্ত্রের কোপে জখম হওয়া কলেজ ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাহমিদুন্নবী নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুর থানাধীন নতুন রাস্তা সাহাপাড়ার এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে এবং দৈনিক সময়ের খবরের চিত্রসাংবাদিক আর জি উজ্জল’র শ্যালক। এ ঘটনায় একজনকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।
আহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার কাঠ মিস্ত্রি পলাশ তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর সেখানে পুর্ব থেকে উপস্থিত থাকা ৪/৫জন সন্ত্রাসী কলেজ ছাত্র সৈয়দ তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যাচেষ্টা করে। ওইসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।










































