মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
দ্বিতীয় বারেরমত যশোরের মণিরামপুরে লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে চার হাজার এক মেট্রিকটন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে সারা দেশের সাথে একযোগে মণিরামপুরে এই ধান সংগ্রহের নির্দেশনা রয়েছে। ক্রয় কাজ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি মৌসুমে বোরো চাষ করেছেন কৃষি কার্ডধারী এমন চাষির কাছ থেকে ধান ক্রয়ের নির্দেশনা রয়েছে এবারো। মণপ্রতি এক হাজার ৪০ টাকায় ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে হাতে আর মাত্র দুই দিন সময় থাকলেও এই ব্যাপারে কোন তৎপরতা চোখে পড়েনি মণিরামপুরে। এখনো এই বিষয়ে কোন রেজুলেশন হয়নি। বসেটি ক্রয় কমিটির মিটিংও। যদিও কৃষি অফিস বলছেন, তারা কৃষকদের তালিকা প্রস্তুত করে রেখেছেন।
মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, আমরা খাদ্য অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কোন নির্দেশনা এখনো পাইনি। জেলা অফিসে মিটিং হয়েছে শুনেছি। সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারিনি। তাছাড়া এখনো কৃষকের ধান পুরোপুরি কাটা পড়েনি। আগামী সপ্তাহের প্রথমদিকে রেজুলেশন করে ক্রয় কমিটির মিটিং ডাকা হবে।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, মৌখিক নির্দেশনা পেয়ে আমি কৃষকের তালিকা প্রস্তুত করে রেখেছি। কমিটি চাইলে তালিকা হস্তান্তর করা হবে।
গত আমন মৌসুমে দুই দফা লটারির মাধ্যমে দুই হাজার ৫৩১ মেট্রিকটক ধান ক্রয় করে মণিরামপুর খাদ্যগুদাম। সেই সময় দায়সারা তালিকা প্রস্তুতের অভিযোগ ওঠে কৃষি অফিসের বিরুদ্ধে। ফলে আমন চাষ করেননি বা চাষের জমিও নেই এমন অনেক কৃষকের নাম স্থান পায় সেই তালিকায়। যা নিয়ে একাধিকবার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। এছাড়া ধান বিক্রি করতে এসে খাদ্য গুদামে কৃষক নানারকম হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছিল তখন।











































