খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় পুলিশের দায়ের করা হামলার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ মে) সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ আবেদন নামঞ্জুর করেন। এদিকে একই মামলায় শনিবার রাতে খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা ইজাবুর রহমান ইমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাদের আদালতে আনা হলে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মোমরেজুল ইসলাম ও তৌহিদুর রহমান তুষার জানান, গত বৃহস্পতিবার বিএনপির ৪১ জন নেতাকর্মীর জামিনের আবেদন জানানো হয়। আদালত ওই দিন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহানা ঈসাসহ ১২ জনের জামিন মঞ্জুর করেন। বাকি ২৯ জনের জামিনের শুনানির জন্য রোববার দিন ধার্য্য করেন আদালত। রোববার জামিনের পক্ষে আমরা যুক্তি তুলে ধরি। কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করেননি।
প্রসঙ্গত, সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৬ মে) খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচিতে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়। কিন্তু পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে রাতে মামলা হয়। খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।











































