Home আঞ্চলিক মোংলায় সরকারী রাস্তার ইট বিক্রির অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে 

মোংলায় সরকারী রাস্তার ইট বিক্রির অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে 

12
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় একটি সরকারী রাস্তার ইট বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের বিরুদ্ধে উত্তর চাঁদপাই এলাকার ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৫০০ ফুট ইট সলিংয়ের রাস্তা থেকে ১৫০০ ইট বিক্রির এ অভিযোগ উঠে। এলজিএসপির আওতায় (বাংলাদেশ লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট) হওয়া ওই রাস্তাটি নতুন করে সংস্কার করা হচ্ছে। কিন্তু সে রাস্তা করতে গিয়ে পুরোনো ইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর ছড়ায় সেই ইট এলাকার মেম্বার শফিকুল পাশ্ববর্তী জনৈক মোঃ হাসমতের কাছে বিক্রি করে দিয়েছেন। পরে এলাকাবাসী শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে সেই ইট হাসমতের বাড়ীর পুকুর থেকেই উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কেবল নতুন মেম্বার হয়েই রাস্তার ইট খেয়ে ফেললো। না জানি আরও কত কি খায়! এমন জনপ্রতিনিধি জনগণের কি কল্যাণে আসবে বলে প্রশ্ন রাখেন তারা। এলজিএসপি’র (বাংলাদেশ লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট) চাঁদপাই ইউনিয়ন ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান মোড়ল বলেন, এই প্রকল্পের আওতায় উত্তর চাঁদপাই এলাকায় তিনটি ইট সলিংয়ের রাস্তার কাজ চলমান রয়েছে। এরমধ্যে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৫০০ ফুট ইট সলিংয়ের রাস্তা থেকে ১৫০০ ইট স্থানীয় মেম্বার শফিকুল বিক্রি করে দেয় বলে জানতে পেরেছি। বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।
ওই রাস্তার দেখভালের দায়িত্বে থাকা চাঁদপাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যা রাবেয়া বেগম বলেন, চলমান তিনটি রাস্তা নির্মাণের মোট ২৫০০ ইট খোয়া যায়। পরে এলাকাবাসীর খবরে শনিবার রাতে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ির রাস্তার পাশের বাসিন্দা হাসমতের বাড়ীর পুকুর থেকে থেকে ১৫০০ ইট উদ্ধার করি। ইটগুলো কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে হাসমত মেম্বার শফিকুলের কথা জানায় বলে নারী সদস্য রাবেয়া বলেন।
এ ব্যাপারে চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি এলাকায় ছিলাম না, আর এ বিষয়ে আমি কিছুই জানিনা।
চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, ইট কোন দিন হেঁটে হেঁটে পুকুরে যায়নি, অবশ্যই চুরি হয়েছে। জনগনের জন্য আমরা রাস্তা করে দিচ্ছি তাও যদি চুরি হয় তা দুঃখজনক। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক ন্যায়সঙ্গত বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, এ সর্ম্পকে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।